ট্রেন্ডিং :
২৪ বস্তা সারসহ নসিমন জব্দ : ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:১১:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় নির্ধারিত গন্তব্যের বাইরে অবৈধভাবে সার পাচারের চেষ্টা নস্যাৎ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় ২৪ বস্তা সারসহ একটি নসিমন জব্দ করার পাশাপাশি সংশ্লিষ্ট বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মূল ডিলার সুভাষ দত্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের কানাইপুর সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আটঘর ইউনিয়নের বিসিআইসি মূল ডিলার সুভাষ দত্ত তার নকুলহাটি বাজারস্থ দোকান থেকে গোড়দিয়া বাজারের খুচরা বিক্রেতা ওহিদের কাছে ২৪ বস্তা সার হস্তান্তর করেছেন বলে দাবি করেন। কিন্তু পরবর্তীতে নির্ধারিত গন্তব্য গোড়দিয়ায় না নিয়ে সারগুলো অবৈধভাবে ফরিদপুর সদরের কানাইপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে কানাইপুর সড়কে তাৎক্ষণিক অভিযান চালায় প্রশাসন।
অভিযানকালে ২৪ বস্তা সারসহ নসিমনটি আটক করা হলেও চালক এরশাদ সার পরিবহনের কোনো বৈধ রশিদ দেখাতে পারেননি। পরে ডিলার সুভাষ দত্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া বক্তব্যে চরম অসংগতি ধরা পড়ে। এর প্রেক্ষিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় দোষী সাব্যস্ত করে ডিলারকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি উপস্থিত ছিলেন।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন জানান, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার নিয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। ন্যায্যমূল্যে সার বিতরণ নিশ্চিত করতে প্রশাসনের এই তদারকি ও আইনানুগ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।




















