ট্রেন্ডিং :
নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০৪:৩০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২০ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মান ও মর্যাদা সমুন্নত রাখা এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্স (ডিজিএমআই) লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত। এছাড়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দেশের কূটনীতিক এবং ভারতে নিযুক্ত বিভিন্ন দেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও অ্যাটাশেগণ অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর গৌরবময় অবদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে একটি অডিও-ভিজ্যুয়াল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা উপদেষ্টা উইং কমান্ডার মুহাম্মদ নাজমুল হক, পিএসসি। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতার অগ্রগতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান মুক্তিযুদ্ধের শহীদ ও বীর সেনানীদের স্মরণ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের ঐতিহ্য তুলে ধরেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি ও শৃঙ্খলা সুদৃঢ়করণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। একইসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গৃহীত সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন উদ্যোগের বিষয়টিও উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে অতীতের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতের প্রযুক্তিগত ও কৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার বদ্ধপরিকর। তিনি ১৯৭১ সালে ভারতীয় জনগণ ও সামরিক বাহিনীর আত্মত্যাগের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন, বাংলাদেশ ও ভারতের বহুমাত্রিক সম্পর্ক দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধির অভিন্ন আকাঙ্ক্ষার ওপর প্রতিষ্ঠিত।
বিশেষ বক্তব্যে প্রধান অতিথি লেফটেন্যান্ট জেনারেল যশপাল সিং আহলাওয়াত বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর মধ্যকার দীর্ঘদিনের সুদৃঢ় সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “দুই দেশের এই সম্পর্ক পারস্পরিক আস্থা, উপলব্ধি ও শ্রদ্ধাবোধের ভিত্তিতে পরিচালিত।” বাংলাদেশ ও ভারতকে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ ‘স্বাভাবিক অংশীদার’ হিসেবে অভিহিত করে আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা হয় এবং আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।



















