ট্রেন্ডিং :
ক্ষমতা ও উচ্চাভিলাষের মনস্তত্ত্ব নিয়ে ফরিদপুরে মঞ্চস্থ ‘লেডি ম্যাকবেথ’
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৬:০৩:০২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে মঞ্চস্থ হয়েছে বিশ্বখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী ট্র্যাজেডি ‘ম্যাকবেথ’ অবলম্বনে নির্মিত একক মঞ্চনাটক ‘লেডি ম্যাকবেথ’। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে নাটকটি পরিবেশিত হয়।

অধ্যাপক আলতাফ হোসেনের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়ে ‘বিনোদন নাট্য দল, ফরিদপুর’-এর আয়োজনে চলমান ‘একক নাট্যোৎসব-২০২৬’-এর অংশ হিসেবে নাটকটি মঞ্চস্থ করা হয়। নাটকটি পরিবেশনা করে ‘খেয়ালী নাট্য সম্প্রদায়, ফরিদপুর’।
আলম খানের নাট্যভাবনা ও নির্মাণে নাটকটিতে একক অভিনয় করেছেন সুষমা রঞ্জন ইন্দ্রাণী সোমা। শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ নাটকের অন্যতম শক্তিশালী ও জটিল নারী চরিত্র ‘লেডি ম্যাকবেথ’-কে কেন্দ্র করে নাটকটি আবর্তিত হয়েছে। অসাধারণ অভিনয়শৈলীর মধ্য দিয়ে দর্শকদের সামনে ক্ষমতার তীব্র আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, অপরাধবোধ এবং মানবিক মনস্তত্ত্বের নানা সূক্ষ্ম দিক তুলে ধরা হয়।

নাটকটি উপভোগ করতে সন্ধ্যা থেকেই জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাট্যপ্রেমী দর্শক ও সাংস্কৃতিক কর্মীদের ভিড় জমে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ব্যতিক্রমী ও মানসম্মত নাট্য আয়োজন ফরিদপুরের নাট্যচর্চা এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে।



















