স্কুলে যাওয়ার পথে লাশ হলো ৮ বছরের শিশু জান্নাতী!
- আপডেট সময় : ০১:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতী আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ১৩ আগস্ট সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামের একটি পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাতী আক্তার ওই গ্রামের ইলিয়াস মুন্সীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে বড় বাংরাইল গ্রামের আবুল বাশারের বাড়ির সামনে পাকা সড়ক পার হচ্ছিল জান্নাতী। এ সময় ফুলবাড়িয়া থেকে মোন্তারমোড় গামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। থানার এসআই সঞ্জয় কুমার দে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





















