সালথায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
- আপডেট সময় : ১০:২০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মাছুম কাজী (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মাছুম কাজী নগরকান্দা উপজেলার বেতাল গ্রামের হবি কাজীর ছেলে।
জানা যায়, গত ৩১ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শ্বশুরবাড়ি সালথা উপজেলার ফুলবাড়িয়া গ্রামে যাওয়ার পথে বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ইউনুস মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গুরুতর আহত হন মাছুম কাজী। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার ১০ আগস্ট বিকেল ৪টা ৩ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরএমওর পক্ষে ওয়ার্ড মাস্টার মো. আতিয়ার রহমান বিষয়টি কোতয়ালি থানাকে অবহিত করেন। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহের সুরতহাল সম্পন্ন করে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।





















