ট্রেন্ডিং :
সালথায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর শুরু
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশের লক্ষ্যে ফরিদপুরের সালথায় শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার পর্দা ওঠে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফিফা সুলতানা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিনয় কুমার চাকী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদীরা অংশ নেন।
আয়োজক সূত্রে জানা গেছে, সালথা উপজেলার আটটি ইউনিয়নের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হচ্ছে। আসরের প্রথম দিনে গট্টি ও বল্লভদী ইউনিয়নের সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে। পর্যায়ক্রমে উপজেলার বাকি ছয়টি ইউনিয়নের বিদ্যালয়গুলোর মধ্যেও এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।




















