সালথায় আধুনিক জুট মিল স্থাপনের নির্দেশ
- আপডেট সময় : ১০:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলায় একটি আধুনিক পাটকল (জুট মিল) স্থাপনের উদ্যোগে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
গত ২৮ জুলাই ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক সরকারি পত্রে এ নির্দেশ দেওয়া হয়। এতে বলা হয়, ফরিদপুর-২ (সংসদীয় আসন-২১২) এলাকার সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আধা-সরকারি পত্রের পরিপ্রেক্ষিতে সালথা উপজেলায় একটি আধুনিক জুট মিল স্থাপনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
পত্রে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবকে ডিও পত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত পত্রটির অনুলিপি সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, সালথায় আধুনিক জুট মিল স্থাপিত হলে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি, পাটচাষের সম্প্রসারণ এবং অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক গতি সঞ্চার হবে।





















