শিক্ষার্থীদের অটোভাড়া কমানোর আহ্বান রায়পুর ইউপি চেয়ারম্যানের
- আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের জেলা মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে দিঘলিয়া-গোপালদী অটো সমবায় সমিতির লটারি ড্র অনুষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অটোভাড়া কম নেওয়ার আহ্বান জানিয়েছেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন মিয়া।
গতকাল বৃহস্পতিবার ৩০ জুলাই সন্ধ্যা ৭টায় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অটোচালকদের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে ভাড়া নির্ধারণ করা উচিত। পাশাপাশি তিনি সমাজে ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

দিঘলিয়া-গোপালদী অটো সমবায় সমিতির সভাপতি আবুল বাশার শেখের সভাপতিত্বে এবং মোহাম্মদ রাকিব মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও ফরিদপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মহব্বাত হায়াত মিয়া, উপদেষ্টা ও উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান তারা এবং সমিতির অন্যান্য সদস্য ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শ্রেষ্ঠ ইউনিয়ন এবং উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জাকির হোসেন মিয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পরে তাঁর সম্মানে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।





















