রাজেন্দ্র কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও মতবিনিময় সভা
- আপডেট সময় : ০৯:৫৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৭৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সরকারি রাজেন্দ্র কলেজ শাখার উদ্যোগে এ ‘নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১৯ জুলাই সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলেজের কবি জসিমউদ্দিন হলে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. ফাহিম আহম্মেদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য প্রফেসর আবদূত তাওয়াব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাদরাসা বিষয়ক সম্পাদক মো. ঈসমাইল হোসেন, ফরিদপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সালাউদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সভাপতি মুয়াজ বিল্লাহ এবং মহানগর ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।

বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের জন্য নয়; বরং মানুষের চরিত্র, নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও মানবিক মূল্যবোধ ধারণের আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষকদের সম্মান করা, সহপাঠীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মকানুন মেনে চলার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। তারা নৈতিকতা, আদর্শ, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ ও শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।





















