মারুফ হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ভাঙ্গায় বিশাল মানববন্ধন
- আপডেট সময় : ০৪:৫১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নে মারুফ হোসেন (১৯) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘারুয়া বাজারসংলগ্ন সড়কে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ মুন্সি, সাবেক চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামান মধু, নিহত মারুফের বাবা হায়দার মাতুব্বর ও মা মনিরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মারুফ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, মারুফ হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২১ জুলাই বিকেলে মারুফ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরদিন রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার নয়াকান্দি গ্রামের একটি বাড়ির কক্ষ থেকে তার মরদেহ পাওয়া যায়।
পরিবারের দাবি, প্রেমঘটিত বিরোধের জেরে মারুফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।





















