ভাঙ্গায় নিষিদ্ধ সংগঠনের সড়ক অবরোধ :: তিন মোটরসাইকেলে অগ্নিসংযোগ :: নিহত এক
- আপডেট সময় : ০৬:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সড়ক অবরোধ, তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজু মোল্লা (৩০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র ও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাত ৮টার দিকে এলাকায় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে মহাসড়কে অবরোধ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এ সময় রাজু মোল্লা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় রাত সাড়ে ৯টা পর্যন্ত সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, রাজুর মৃত্যু গুলি নাকি ককটেল বিস্ফোরণের কারণে হয়েছে, তা তখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
এ ঘটনায় এলাকায় নিরাপত্তা জোরদার ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।




















