ট্রেন্ডিং :
ভাঙ্গায় অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যমৃত্যু: লাশ ফেলে পালালো শ্বশুরবাড়ির লোকজন
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৯:২৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা পৌরসভাধীন কাপুড়িয়া সদরদী গ্রামে লামিয়া নামের এক অন্তঃসত্ত্বা নববধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও শাশুড়ি পলাতক রয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে গুরুতর অবস্থায় গৃহবধূ লামিয়াকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করার পরপরই কৌশলে হাসপাতাল প্রাঙ্গণে লাশ রেখে সটকে পড়েন তার স্বামী ও শাশুড়ি।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ভাঙ্গা থানা পুলিশ জানায়, খবর পেয়ে তারা নিহতের মরদেহ উদ্ধার করেছেন। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, নববধূ লামিয়া অন্তঃসত্ত্বা ছিলেন। তার এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যু এবং মৃত্যুর পরপরই শ্বশুরবাড়ির লোকদের পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে এবং পলাতক আসামিদের সন্ধানে অভিযান চালাচ্ছে।




















