বোয়ালমারীতে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষ : চিকিৎসাধীন কৃষকের মৃত্যু
- আপডেট সময় : ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৪৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক সাইকেল আরোহী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার ১ আগষ্ট সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ইলিয়াস শেখ (৩৫) বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রাম এলাকার বাসিন্দা। তিনি বাবু শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার ৩১ জুলাই রাত আনুমানিক ৮টার দিকে বোয়ালমারী-মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশি মোমিন মার্কেটের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ইলিয়াস শেখের সাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক সোহাগ (১৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় ক্ষুব্ধ স্থানীয়রা মোটরসাইকেলটি পাশের একটি পুকুরে ফেলে দেয়। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্ত মোটরসাইকেল চালককে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















