বোয়ালমারীতে বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনে উদ্যোগ, নতুন দুটি সাবস্টেশন নিয়েও আলোচনা
- আপডেট সময় : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ আসনের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট নিরসনে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বোয়ালমারীতে একটি বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) স্থাপনের জন্য সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি ডিও লেটার প্রদান করেছেন।
একই সঙ্গে নতুন আরও দুটি বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের বিষয়ে বোয়ালমারী বিদ্যুৎ অফিসে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন, ক্রমবর্ধমান চাহিদা মোকাবিলা এবং বোয়ালমারীসহ ফরিদপুর-১ আসনের মানুষের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, প্রস্তাবিত বিদ্যুৎ উপকেন্দ্র ও নতুন দুটি সাবস্টেশন বাস্তবায়িত হলে বোয়ালমারীসহ ফরিদপুর-১ আসনের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকট অনেকাংশে দূর হবে। লোডশেডিং ও ভোল্টেজের সমস্যা কমে গিয়ে গ্রাহকরা নিরবচ্ছিন্ন ও উন্নতমানের বিদ্যুৎ সেবা পাবেন। এতে কৃষি খাতে সেচ কার্যক্রম আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম গতিশীল হবে এবং নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং অন্যান্য জনসেবামূলক প্রতিষ্ঠানে বিদ্যুৎ সেবার মান উন্নত হবে। ভবিষ্যতের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে একটি শক্তিশালী ও টেকসই বিদ্যুৎ অবকাঠামো গড়ে উঠবে বলেও সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
বক্তারা বলেন, জনস্বার্থে গৃহীত এ উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়িত হলে বোয়ালমারীসহ ফরিদপুর-১ আসনের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





















