বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক
- আপডেট সময় : ০৯:২৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ২ জুলাই সকাল আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন বিশ্বাস রাজাপুর গ্রামের বাসিন্দা এবং তিনি মো. লাখো বিশ্বাসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে রাজাপুর এলাকার একটি মাছের পুকুরের পাশে টানানো জিআই (গ্যালভানাইজড আয়রন) তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মামুন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, স্থানীয় জাহিদ সিকদারের প্রায় ৮ বিঘা লিজ নেওয়া পুকুরে বোয়ালমারী পৌরসভার আধারকোঠা গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ সরকার মাছ চাষ করে আসছিলেন। পুকুরের মাঝখানে আলো জ্বালানোর জন্য বাঁশের সঙ্গে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছিল এবং বাঁশটি স্থির রাখতে জিআই তার ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে ওই তারে বিদ্যুতের সংযোগ থেকে যাওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। ওই তারেই জড়িয়ে পড়ে মামুন বিশ্বাসের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















