বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি প্রত্যাখ্যান করেন বুলবুল
- আপডেট সময় : ০৫:১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
আমিনুল ইসলাম বুলবুল–এর নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে তামিম ইকবাল–এর নেতৃত্বে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বুলবুল। এনএসসির তদন্ত প্রতিবেদনকে ‘ত্রুটিপূর্ণ ও আইনগতভাবে অগ্রহণযোগ্য’ উল্লেখ করে নবগঠিত অ্যাডহক কমিটিকে ‘অসাংবিধানিক ও অবৈধ’ বলে মন্তব্য করেছেন তিনি। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানান সাবেক এই বিসিবি সভাপতি। বিবৃতিতে বুলবুল বলেন, গত ৫ এপ্রিল প্রকাশিত এনএসসির তদন্ত প্রতিবেদন আইনগতভাবে কোনো ভিত্তি রাখে না। তিনি দাবি করেন, ২০২৫ সালের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবি নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ও বৈধ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছিল। এনএসসির তদন্ত কার্যক্রমকে এখতিয়ার বহির্ভূত বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সংবিধানের কথা উল্লেখ করে বুলবুল বলেন, সদস্য বোর্ডগুলোকে সরকারি হস্তক্ষেপমুক্ত থেকে পরিচালিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। তিনি আরও অভিযোগ করেন, আমিনুল হক–এর উদ্যোগে পরিচালিত এ তদন্ত ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটির কর্তৃত্বও তারা স্বীকার করেন না বলে স্পষ্ট জানান তিনি। বিবৃতির শেষাংশে বুলবুল সতর্ক করে বলেন, সরকারের এ ধরনের হস্তক্ষেপ বাংলাদেশ ক্রিকেটের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে। এতে বিনিয়োগকারী ও আন্তর্জাতিক অংশীদারদের আস্থা নষ্ট হওয়ার পাশাপাশি তরুণ ক্রিকেটারদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে তিনি আইসিসির অবিলম্বে হস্তক্ষেপ কামনা করেন।




















