ট্রেন্ডিং :
আলোর অপেক্ষায় নারিকেলবাড়িয়া
বিদ্যুৎহীন ৮ মাস : বিপাকে হাজারো পরিবার
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৩:৪২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
পদ্মা নদীবেষ্টিত ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া ইউনিয়নে দীর্ঘ আট মাস ধরে বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। পদ্মা নদীর তলদেশ দিয়ে স্থাপিত সাবমেরিন ক্যাবল ছিঁড়ে যাওয়ায় চরাঞ্চলের এই জনপদটি গত আট মাস ধরে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত। বিদ্যুৎ না থাকায় ইউনিয়নের প্রায় ১,৫০০ পরিবারের হাজার হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
নদীর ওপারে অবস্থিত এই চরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ আসার পর জীবনযাত্রায় কিছুটা আধুনিকতার ছোঁয়া লেগেছিল। তবে গত আট মাস ধরে বিদ্যুৎ না থাকায় স্তব্ধ হয়ে পড়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। গৃহস্থালির ফ্রিজ, টেলিভিশনসহ বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক সামগ্রী দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে।

সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় এবং তীব্র গরমে রাতে বা সন্ধ্যায় কুপি বা মোমবাতির আলোয় তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এছাড়া বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ফোন চার্জ দেওয়া কিংবা দৈনন্দিন ইন্টারনেট ব্যবহারের মতো জরুরি কাজের জন্য চরের বাসিন্দাদের ট্রলার বা নৌকাযোগে নদী পার হয়ে মূল ভূখণ্ডে আসতে হচ্ছে, যা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য।
নন্দলালপুর গ্রামের বাসিন্দা রফিক মল্লিক ক্ষোভ প্রকাশ করে সংবাদমাধ্যমকে জানান, “প্রায় আট মাস ধরে আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ নেই। সন্ধ্যা হলেই পুরো ইউনিয়ন ভুতুড়ে অন্ধকারে রূপ নেয়। ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধের উপক্রম। একটা মোবাইল চার্জ দেওয়ার জন্যও আমাদের নদী পার হয়ে ওপারে যেতে হচ্ছে। আমরা এই নরকযন্ত্রণা থেকে দ্রুত মুক্তি চাই।”

বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর নবাবগঞ্জ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) খায়রুল বাকী খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভৌগোলিক অবস্থান ও নদী ভাঙনের কারণে ওই অঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা একটি বড় চ্যালেঞ্জ। নদীর তলদেশের সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে সাময়িকভাবে সংযোগটি বন্ধ রয়েছে। চরাঞ্চলের এই বৃহৎ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে এবং পুনরায় বিদ্যুৎ সংযোগ চালুর ব্যাপারে টেকনিক্যাল টিম কাজ করছে এবং দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তবে কর্তৃপক্ষের আশ্বাসের পরও দীর্ঘদিন কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে নারিকেলবাড়িয়ার বাসিন্দাদের মাঝে। তারা দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান করে চরাঞ্চলে আলো ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।




















