ফরিদপুর হত্যা মামলার আসামি রাজধানী থেকে গ্রেপ্তার
- আপডেট সময় : ০৩:৪০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
রাজধানীর খিলগাঁও থেকে ফরিদপুরের রাজু শেখ (৩৪) হত্যা মামলার অন্যতম আসামী স্বপ্ন (২০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ মার্চ ২০২৬ তারিখ রাত প্রায় ৯:৩০ মিনিটে ফরিদপুরের কোতয়ালী থানার গূহলক্ষীপুর এলাকার স্টেশন বাজারের মাংসের দোকানের সামনে স্বপ্নসহ অন্যান্য আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাজু শেখকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত প্রায় ১১টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে ৩ মার্চ ২০২৬ তারিখে কোতয়ালী থানায় ধারা ৩০২/৩৪ পেনাল কোড অনুযায়ী মামলা নং-১৫ রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০-এর কাছে আবেদন করেন। এর প্রেক্ষিতে র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায়, র্যাব-৩-এর সহযোগিতায় এবং ডিএমপি খিলগাঁও থানার সহায়তায় আজ ৯ এপ্রিল দুপুর প্রায় ১২:৪০ মিনিটে খিলগাঁওয়ের তালতলা এলাকা থেকে হত্যার এজাহারনামীয় আসামী স্বপ্নকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১০ সূত্র নিশ্চিত করেছে।




















