ফরিদপুর সদর হাসপাতালে শহীদ পরিবারের অসুস্থ সদস্যকে দেখতে গেলেন নেতৃবৃন্দ
- আপডেট সময় : ০৫:৩০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর হাতে নিহত শহীদ নিশিকান্ত ভাঙ্গির স্ত্রী শহীদ জয়া আহ্লাদি ভাঙ্গি ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি হাসপাতালের একটি ওয়ার্ডের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের রেজিস্টার অনুযায়ী, তাঁর ভর্তি নম্বর ১৮১/০ এবং ভর্তি তারিখ ৩ জুলাই ২০২৬।
আজ বুধবার ৮ জুলাই হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ১৯৭১ আমরা শহীদ পরিবার শহীদ স্মৃতি সংরক্ষণ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা পি. কে. সরকার প্রবোধ।

এ সময় মোহাম্মদ সাজ্জাদুল হক সাজ্জাদ বলেন, স্বাধীনতার ৫৬ বছর পরও অনেক শহীদ পরিবারের সদস্য চিকিৎসাসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। তারা অবহেলা, অর্ধাহার-অনাহারে মানবেতর জীবনযাপন করছেন এবং ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন।
তিনি আহ্লাদি ভাঙ্গিসহ দেশের সকল শহীদ পরিবারের সদস্যদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে চিকিৎসা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।




















