ফরিদপুর সড়ক দুর্ঘটনায় আহত ১
- আপডেট সময় : ০৬:২৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ২১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম (১২) নামে এক মাদ্রাসা ছাত্রী গুরুতর আহত হয়েছে। আজ বুধবার ২৯ এপ্রিল সকাল প্রায় ৭টা ৪৫ মিনিটে নগরকান্দা বাজারে ডাচ-বাংলা ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত মরিয়ম নগরকান্দা উপজেলার বড় কাজুলী ইউনিয়নের পুরাপাড়া গ্রামের আসাদুজ্জামান খানের মেয়ে। সে নগরকান্দা মদিনাতুল মাদ্রাসার ছাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ইটবাহী একটি চার চাকার ট্রলির ধাক্কায় মরিয়ম সড়কে পড়ে যায়। এতে তার মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন ও তার স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রলি গাড়িটি জব্দ করে থানায় নিয়ে আসে। তবে দুর্ঘটনায় জড়িত ট্রলির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা বা জিডি দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।




















