ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা
- আপডেট সময় : ১১:৫৩:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ফরিদপুর চিনিকলে জিয়া পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-এর উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার ২৮ জুলাই বেলা ১১টায় ফরিদপুর চিনিকলের আনসার ব্যারাকের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ।
এ সময় উপস্থিত ছিলেন চিনিকলের মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান, ব্যবস্থাপক (বীজ উৎপাদন ও কৃষিতত্ত্ব) কানিফ ফাতেমা রোকসানা, সহকারী ব্যবস্থাপক (সংস্থাপন) সিরাজুল ইসলাম, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ চিনিকলের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জিয়া পরিষদের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের বাস্তবায়নে এবং জিয়া পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।





















