ফরিদপুর চিনিকলের নির্বাচনে শফি-দাউদ পরিষদের নিরঙ্কুশ জয়
- আপডেট সময় : ০৫:৪৪:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর চিনিকলের প্রশিক্ষণ ভবনে সংস্থার নির্বাহী পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬০ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, সভাপতি পদে মো. শফিকুল ইসলাম খান এবং সহ সাধারণ সম্পাদক পদে আব্দুর রহিম শেখ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া সহ-সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন ৪১ ভোট, সাধারণ সম্পাদক পদে কামরুজ্জামান দাউদ ৩৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন ৪০ ভোট, প্রচার সম্পাদক পদে মো. মোস্তফা আনোয়ার ৩৮ ভোট, দপ্তর সম্পাদক পদে মো. কামাল হোসেন ৩৪ ভোট, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিদীপ সাহা ৩০ ভোট এবং ক্রীড়া সম্পাদক পদে মো. মতিয়ার রহমান ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আলম মোল্যা (৪০ ভোট), আব্দুল আজিজ মণ্ডল (৪১), আব্দুল আলিম শেখ (৩৭), আবুল বাসার মিয়া (৩৯), মো. আব্বাস মোল্যা (৪১), মো. আলী আকবার শেখ (৪৬), এবিএম ইমদাদুল হক লেলিন (৪১), তোজাম্মেল হক (৪১), মো. তারিকুল ইসলাম (৩৮), নওশের আলী শেখ (৩৮) ও মো. নওশের আলী সরদার (৪২)।
ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত ফলাফল পত্রে এ তথ্য জানানো হয়।
প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, আখচাষী কল্যাণ সংস্থার সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়। এর মাধ্যমে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সদস্য মেহেদী হাসানসহ চিনিকলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















