ট্রেন্ডিং :
নিউগিনি আবাসন প্রকল্পে হামলা: জামিন পেলেন সাবেক মেজর জেনারেল মহিউদ্দিন
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০২:০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
রাজধানীর ইসিবি চত্বর সংলগ্ন দক্ষিণ মানিকদী এলাকার ‘নিউগিনি প্রপার্টিজ লিমিটেড’ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। তিন দিনের রিমান্ড শেষে গত রোববার (৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ শুনানি শেষে দুই হাজার টাকা মুচলেকায় আগামী ২৮ অক্টোবর পর্যন্ত তাঁর এই জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে। ১ অক্টোবর আদালত তাঁর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিনের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর রাতে একদল সশস্ত্র ব্যক্তি নিউগিনি আবাসন প্রকল্পে প্রবেশ করে ফাঁকা গুলি ছোড়ে এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় প্রকল্প এলাকায় অবস্থিত জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় কোম্পানির পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫০-২০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই হামলার মূল কারণ যাতায়াতের রাস্তা সংক্রান্ত বিরোধ। নিউগিনি প্রকল্পের লাগোয়া ৩৫ কাঠা জমিতে আসামি মহিউদ্দিন চৌধুরীসহ কয়েকজন একটি পৃথক আবাসন প্রকল্প গড়ে তোলার চেষ্টা করছিলেন। তবে সেই জমিতে প্রবেশের সুনির্দিষ্ট রাস্তা না থাকায় নিউগিনির ভেতরের সড়ক ব্যবহারের চেষ্টা থেকেই দীর্ঘদিনের এই মালিকানা বিরোধ ও পরবর্তীতে এই হামলার ঘটনা ঘটে।




















