নগরকান্দায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ : চালকসহ আহত একাধিক যাত্রী
- আপডেট সময় : ০২:৫৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-ফরিদপুর মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাজার ও ডাঙ্গী বাঙ্গালকান্দার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ফরিদপুরগামী ঢাকা মেট্রো-ব-১৫-৫১৯৪ নম্বরের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটির সামনের অংশ ও গ্লাস ভেঙে যায়। একপর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে কাত হয়ে পড়ে।
এতে বাসচালক আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যান।
খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে। পলাতক ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















