সড়কে শৃঙ্খলা ফেরাতে মধুখালী পুলিশের কড়া অ্যাকশন
তল্লাশির মুখে হেলমেট ও কাগজপত্রহীন চালকরা
- আপডেট সময় : ০৫:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও হেলমেটবিহীন চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
আজ মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে মধুখালী রেলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা রেঞ্জ ডিআইজির নির্দেশক্রমে এবং ফরিদপুরের পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত অভিযানে মধুখালী থানার এসআই অসিত দাস, এসআই মুক্তার হোসেন ও এসআই তনময় মণ্ডলের নেতৃত্বে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন।
অভিযানকালে রেলগেট দিয়ে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল, হেলমেটবিহীন চালক, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়।
এ সময় চালকদের সড়ক পরিবহন আইন মেনে চলার পাশাপাশি মোটরসাইকেল চালানোর সময় বাধ্যতামূলকভাবে হেলমেট ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়।
পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





















