ট্রেন্ডিং :
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩ : আহত ১৬
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:২৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর রাতে মহাসড়কের রেলিং ভেঙে পাশের পানিভর্তি খাদে পড়ে গেছে। এ ভয়াবহ দুর্ঘটনায় ৩ জন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন।
আজ শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাসাড়া এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি দ্রুত গতিতে সড়কের রেলিং ভেঙে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন অতিক্রম করে পাশের একটি পানিভর্তি খাদে গিয়ে আছড়ে পড়ে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি চুয়াডাঙ্গার বাসিন্দা রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাকি দুই নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়েই শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। উদ্ধারকারীরা বাসটি থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। এ ছাড়া ঘটনাস্থলেই আরও পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, আহত ১৬ জনের মধ্যে রয়েছেন—হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)। তাঁরা চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, ঢাকা ও মাগুরা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।




















