ডিজিটাল লেনদেনের প্রসারে ফরিদপুরে ‘ক্যাশলেস’ কর্মসূচি ও বর্ণাঢ্য র্যালি
- আপডেট সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
নগদবিহীন লেনদেন ব্যবস্থা জনপ্রিয় করতে ফরিদপুরে ‘ক্যাশলেস ফরিদপুর’ কর্মসূচির আওতায় গ্রাহক সমাবেশ, সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ২৭ জুলাই বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, উপাধ্যক্ষ ডা. খান মোহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মানষ কৃষ্ণ কুন্ডু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান, নার্সিং ইনস্ট্রাক্টর সুলতানা পারভীনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক ও অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডিজিটাল আর্থিক লেনদেনের বিকল্প নেই। ‘বাংলা কিউআর’ চালুর ফলে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের গ্রাহকরা একই কিউআর কোড ব্যবহার করে দ্রুত, সহজ ও নিরাপদে অর্থ লেনদেন করতে পারবেন।

তারা আরও বলেন, বাংলা কিউআরের মাধ্যমে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে, আর্থিক লেনদেন হবে আরও স্বচ্ছ, নিরাপদ ও সময়সাশ্রয়ী। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস লেনদেনের সুবিধা পৌঁছে দিতে এবং ব্যবসায়ী ও গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ক্যাশলেস লেনদেনের সুবিধা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালিতে অংশ নেন।




















