জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই: জেলা প্রশাসক
- আপডেট সময় : ০১:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। গতকাল বুধবার ১ এপ্রিল দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শহরের বদরপুর এলাকায় (এন-৭) বেলুন উড়িয়ে ও ফলজ গাছ লাগিয়ে এ অভিযানের সূচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে গাছ লাগানো ও তা সংরক্ষণ করা এখন সময়ের দাবি।” সড়কের সৌন্দর্য বাড়াতে ও প্রকৃতি বাঁচাতে সবাইকে এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলা প্রশাসক আরও বলেন, “আমরা সবাই মিলে সড়কের পাশের গাছের যত্ন নেওয়ার অঙ্গীকার করি। প্রতিটি গাছ আমাদের সুন্দর আগামীর নিশ্চয়তা দেয়।” এ সময় তিনি ব্যাপকভাবে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের ওপর বিশেষ জোর দেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ জানান, মহাসড়কের দুই পাশের খালি জায়গা ও ডিভাইডারে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগানো হবে। এতে সড়কগুলো সবুজে ঘেরা ও দৃষ্টিনন্দন হয়ে উঠবে। এ অনুষ্ঠানে প্রকৌশলী আসাদুজ্জামান ও আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















