ছাত্রদলের কমিটিতে ছাত্রনেতা নাকি অভিভাবক?
ফরিদপুরে ৪ নেতা বিবাহিত ও সন্তানের বাবা
- আপডেট সময় : ০৫:৪৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রদলের সদ্যঘোষিত ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির চার নেতা বিবাহিত বলে জানা গেছে। তাদের মধ্যে দুজনের সন্তানও রয়েছে। গত ২২ জুন ফরিদপুর জেলা সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রেজাউল ইসলামকে (রাজ) সভাপতি ও সোহেল মাতুব্বরকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটির মধ্যে সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিব, সহ-সভাপতি রাজীব হোসেন ও সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন বিবাহিত।
খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বরের গ্রামের বাড়ি উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিশপট্টি গ্রামে। তিনি ২০২১ সালের ১ ডিসেম্বর প্রেমের সম্পর্কের পর ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর রামকান্তপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে সুরাইয়া সুলতানাকে বিয়ে করেন। পরবর্তীসময়ে দাম্পত্য জীবনে বিরোধের জেরে দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত একটি মামলা হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে তিনি পুনরায় বিয়ে করে সংসার করছেন বলে স্থানীয় সূত্র জানায়।
একইভাবে সহ-সভাপতি রাজীব হোসেনও উপজেলার গট্টি ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে সামাজিক রীতিনীতি অনুসারে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসার করছেন বলে জানা গেছে।
সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ২০২৩ সালের ২২ সেপ্টেম্বর পারিবারিক ও সামাজিকভাবে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর গ্রামের ওবায়দুর মৃধার মেয়ে আবিদাকে বিয়ে করেন। তাদের সংসারে একটি ছেলেসন্তান রয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের এই কমিটির কথা ফরিদপুর সদরের নেতৃবৃন্দসহ সেন্ট্রালের সবাই অবগত আছেন। এতে কোনো সমস্যা নেই।’
সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহমেদ রাকিবের মোবাইলে কল করা হলে তিনি প্রতিবেদকের পরিচয় পেয়ে সংযোগ কেটে দেন। পরে আবারও কল করা হলে তিনি বলেন, ‘আপনি কোথায় আছেন? পারলে সরাসরি দেখা করেন।’ তিনি মোবাইলে বক্তব্য দিতে রাজি হননি।

সহ-সভাপতি রাজীব হোসেন বলেন, ‘বিয়ে ঠিকঠাক হয়ে আছে। কমিটির কারণে এখনো বাড়িতে আনুষ্ঠানিকভাবে তুলে আনা হয়নি।’
এ বিষয়ে বক্তব্য জানতে ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের মোবাইলে কল করেও পাওয়া যায়নি। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।





















