চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে: -রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
- আপডেট সময় : ০২:০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক আস্থা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগ দিন দিন আরও জোরদার হচ্ছে। চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে ইয়াও ওয়েন বলেন, অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে বাংলাদেশ ও চীন পারস্পরিক সম্মান, আন্তরিকতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিয়েছে। ২০২৬ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছর পূর্ণ হয়েছে। একই সঙ্গে বেল্ট অ্যান্ড রোড সহযোগিতারও এক দশক পূর্ণ হয়েছে।
রাষ্ট্রদূতের বিবৃতি অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ বেশি। বাংলাদেশের আম, কাঁঠালসহ কয়েকটি কৃষিপণ্য চীনের বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে। পেয়ারা ও সুগন্ধি চালের বাজার সম্প্রসারণ নিয়েও কাজ চলছে।

বিনিয়োগের ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ছে। চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন পর্যন্ত বাংলাদেশে চীনের মোট বিনিয়োগ প্রায় ৩ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালে চীনের সরাসরি বিনিয়োগ আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পায়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর পাঁচটি চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠান বাংলাদেশে ১০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং এতে প্রায় ২০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরকেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন ইয়াও ওয়েন। চীনা দূতাবাসের তথ্য অনুযায়ী, ওই সফরে দুই দেশ সম্পর্ককে ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি’ হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের পাশাপাশি সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন, ডিজিটাল অর্থনীতি, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বাণিজ্য, শিল্প ও সরবরাহব্যবস্থা, অর্থ, স্বাস্থ্য, সংস্কৃতি ও শিক্ষায় সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন এবং বাংলাদেশের নিজস্ব উন্নয়নপথের প্রতি সম্মান জানানোর কথা পুনর্ব্যক্ত করেছে। একই সময়ে বাংলাদেশ ‘এক চীন নীতি’র প্রতি তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
ইয়াও ওয়েন বলেন, নানা পরিবর্তন ও চ্যালেঞ্জের মধ্যেও দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।




















