চাকরির আশায় রাশিয়া : শেষ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে! চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ
- আপডেট সময় : ০৯:৩৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশিদের রাশিয়ায় নিয়ে জোরপূর্বক ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগে মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ছাড়া পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
এসআরবির বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চাকরির নামে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার আটাইল এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি দল। একই দিন ঝিনাইদহের কালীগঞ্জ এলাকা থেকে আবু তাহের লেন্টু (৫০) নামের অপর একজনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবির দাবি, গ্রেপ্তার দুজনসহ অন্য আসামিরা পারস্পরিক যোগসাজশে রাজন হোসেন (২১) নামের এক যুবককে নির্মাণকাজে চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে রাশিয়ায় পাঠান। গত ৭ মে রাশিয়ায় পৌঁছানোর পর রাজনসহ প্রায় ৩০ জন বাংলাদেশিকে জোরপূর্বক রুশ সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে প্রশিক্ষণ শেষে তাঁদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে পাঠানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যুদ্ধক্ষেত্রে ড্রোন হামলায় রাজনের কোমরের হাড় ভেঙে যায় এবং তিনি দুই পায়ের শক্তি হারিয়ে ফেলেন। পরে আহত অবস্থায় দূতাবাসের সহায়তায় গত ২৩ আগস্ট দেশে ফেরেন তিনি।


ক্ষতিপূরণ চাওয়ায় হুমকির অভিযোগ
এসআরবির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশে ফিরে ক্ষতিপূরণ দাবি করলে মিজানুর রহমান রাজনের পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধরের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজনের বাবার অভিযোগের ভিত্তিতে ঝিনাইদহের কালীগঞ্জ থানায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইনে মামলা করা হয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাতে এসআরবি জানায়, এই চক্রের বিরুদ্ধে প্রায় ৩০ জন বাংলাদেশিকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাঁদের মধ্যে প্রায় ২০ জনের মৃত্যুর এবং দুজনের পালিয়ে দেশে ফেরার তথ্যও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিল জব্দ
এদিকে, পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ রুহুল আমীন (২৬) ও লিয়াকত (৪৩) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১০-এর সদর কোম্পানির একটি দল।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১২ অক্টোবর রাত ১০টার দিকে দক্ষিণ বাঘাপুরের ধলেশ্বরী টোলপ্লাজা-সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় প্রায় ৩০ লাখ টাকা বাজারমূল্যের ৪৬৩ বোতল নেশার সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, দুটি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ১ হাজার ৩১০ টাকা জব্দ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একই ব্যাটালিয়নের পৃথক দুই অভিযানে মানব পাচার ও মাদকসংক্রান্ত অভিযোগে মোট চারজনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে এসআরবি। তবে মানব পাচার চক্রের বিরুদ্ধে আনা অভিযোগ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের দায় আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাঁদের অপরাধের বিষয়টি চূড়ান্ত হবে।




















