চট্টগ্রাম সিটি কলেজে হামলার ঘটনায় জামায়াত নেতার নিন্দা
- আপডেট সময় : ১০:৫৮:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কলেজে শিবির ও সাধারণ নিরীহ শিক্ষার্থীদের ওপর ‘ছাত্রদল’ নামধারী সন্ত্রাসীদের নৃশংস ও পরিকল্পিত হামলার অভিযোগে তীব্র ঘৃণা, গভীর ক্ষোভ ও কঠোর নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ফরিদপুর জেলা আমীর প্রফেসর আবদুত তাওয়াব। গতকাল মঙ্গলবার ২১ এপ্রিল এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি এ সংক্রান্ত পোস্ট করেন। এ সময় তিনি বলেন, এ বর্বরোচিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও ভয়ের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার সুস্পষ্ট অপচেষ্টা। নিরীহ শিক্ষার্থীদের রক্ত ঝরিয়ে কোনো গোষ্ঠী তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে না বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের নীরবতা ও নিষ্ক্রিয়তা অত্যন্ত হতাশাজনক এবং গভীরভাবে প্রশ্নবিদ্ধ। দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর এমন ভূমিকা সাধারণ মানুষের ন্যায়বিচার ও নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
প্রফেসর আবদুত তাওয়াব আরো লেখেন ক্যাম্পাসে সন্ত্রাসী রাজনীতি যে নামেই হোক না কেন, তা কোনোভাবেই পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। শিক্ষাঙ্গন হবে জ্ঞানচর্চা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের স্থান—সন্ত্রাসের নয়। তিনি এ ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবিতে জনগণ আরও সোচ্চার হবে বলেও তিনি উল্লেখ করেন।




















