গোপালগঞ্জে এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা
- আপডেট সময় : ০৯:০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৭ , ০৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৭ কৃতী শিক্ষার্থীর সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ।
‘আনন্দধারা বহিছে ভুবনে, দিনরজনী কত অমৃতরস উথলি যায় অনন্ত গগনে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলার এস.এম. মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ৩০ জুলাই সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) সভাপতি ডা. রাবেয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. জ্যোৎস্না খাতুন।

অনুষ্ঠানে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি, সনদপত্র, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের যোগ্য, সৎ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তারা বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির জন্যও গৌরবের। নিষ্ঠা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় নেতৃত্ব দেবে। পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সময়ের সঠিক ব্যবহার এবং নিয়মিত অধ্যয়নের গুরুত্বও তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




















