গোপালগঞ্জে এসপিজি চুক্তি স্বাক্ষর
- আপডেট সময় : ০৪:২৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ২৫৪ , ০৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে এসপিজি চুক্তি স্বাক্ষর: সরকারি এস.জে মডেল উচ্চবিদ্যালয়ে চালু হচ্ছে ডিজিটাল ফি প্রদান ব্যবস্থা।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চবিদ্যালয়ের সঙ্গে সোনালী ব্যাংক পিএলসির সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) সেবা চালুর লক্ষ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং ক্যাশলেস ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রিন্সিপাল অফিস, গোপালগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ এবং সরকারি সাবের মিয়া জসিমুদ্দীন (এস.জে) মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার্স অফিস, ফরিদপুরের জেনারেল ম্যানেজার মো. তানজিমুল ইসলাম। চুক্তি স্বাক্ষরের আগে এ বিষয়ে বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ (ডিজিএম), মো. তানজিমুল ইসলাম (জিএম, ইনচার্জ) এবং প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল। বক্তারা জানান, সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীরা এখন থেকে ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি ও অন্যান্য বিভিন্ন ফি সহজেই অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির মুকসুদপুর শাখার শাখা ব্যবস্থাপক রতন কুমার দাস (সিনিয়র প্রিন্সিপাল অফিসার), সিনিয়র অফিসার মাহবুবুর রহমান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহিতোষ মন্ডল, সহকারী শিক্ষক সুব্রত টিকাদার, আলামিন হোসেন ও উত্তম কুন্ডু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















