ক্যান্সারের সাথে লড়ছেন প্রতিবন্ধী নারী নেত্রী মিনি: বাঁচতে প্রয়োজন ৩ লাখ টাকা
- আপডেট সময় : ০৯:৫৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
প্রতিবন্ধী নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে কাজ করে আসা ফরিদপুর আস্থা প্রতিবন্ধী নারী পরিষদের সভাপতি নুসরাত আক্তার মিনি জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর চিকিৎসা চালিয়ে যেতে আরও প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন।
নুসরাত আক্তার মিনি নিজে শারীরিক প্রতিবন্ধী এবং হুইলচেয়ার ব্যবহারকারী। নিজের শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবন্ধী নারীদের অধিকার, মর্যাদা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তিনি মানুষের জন্য ফাউন্ডেশনের মানবাধিকার পুরস্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের শ্রেষ্ঠ যুব পুরস্কার লাভ করেছেন।
সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে অন্যের অধিকার ও কল্যাণে কাজ করা এই নারী নেত্রী বর্তমানে নিজেই কঠিন সময় পার করছেন। জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে তাঁর চিকিৎসায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে। তবে চিকিৎসা অব্যাহত রাখতে আরও প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন।
এ অবস্থায় দেশের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নুসরাত আক্তার মিনির চিকিৎসায় সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী ১ টাকা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।
চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য বিকাশ নম্বর: ০১৭৩৮৫৯৪৬৯২। তবে অর্থ পাঠানোর আগে ফোন করে নম্বরটি নিশ্চিত হয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। দীর্ঘদিন যিনি প্রতিবন্ধী নারীসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ তাঁর চিকিৎসায় সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।





















