ট্রেন্ডিং :
ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি আঘাত :: এবার কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন আক্রমণ
আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৫:১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৮ , ০৪ বার পড়া হয়েছে
উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ফের ড্রোন হামলা চালিয়েছে ইরান। বুধবার (১৮ নভেম্বর) ভোরে কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম IRNA-র বরাতে ইরানি সেনাবাহিনী এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, তাদের কমব্যাট ড্রোনগুলো আলি আল-সালেম ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতে আঘাত হেনেছে। ইরান আরও হুঁশিয়ারি দিয়েছে যে, যেকোনো আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর এবং এর কোনো ভৌগোলিক সীমারেখা থাকবে না।

অন্যদিকে, কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বুধবার ভোরে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করেছে। দেশটির সামরিক কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে জানিয়েছে, আকাশে শোনা যাওয়া বিস্ফোরণের শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোন ধ্বংস করার ফল। তবে এই হামলায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য পুনরায় অস্থিতিশীল হয়ে উঠেছে। এর আগে বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় ইরানের ড্রোন হামলা এবং এর জবাবে ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর কুয়েতের এই ঘাঁটিতে আক্রমণের ঘটনা ঘটল। একের পর এক এসব সামরিক পদক্ষেপে পুরো উপসাগরীয় অঞ্চলে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।



















