অবৈধ বিদ্যুৎ ব্যবহার রোধে ফরিদপুরে বিশেষ রাত্রিকালীন অভিযান
- আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহার ও সরকারি নির্দেশনা অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।
এর অংশ হিসেবে গতকাল সোমবার ৩১ আগস্ট দিবাগত রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে পৃথকভাবে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং ও গ্যারেজে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি সরকারের নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার বিষয়ে গ্রাহকদের সচেতন করা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, অভিযানে মোট ১৩টি টিম ১৫টি এলাকায় কার্যক্রম পরিচালনা করে। এ সময় রাত ৮টার পর চালু থাকা ৬২টি দোকান শনাক্ত করা হয়। বিভিন্ন কারণে ৭০টি ক্ষেত্রে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। অভিযানে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।





















