বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ বছরের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ২৯ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারীতে নির্মাণাধীন ভবনের ছাদে উঠে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশামনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার ৭ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে উপজেলার রূপাপাত ইউনিয়নের সুতালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আশামনি বোয়ালমারী উপজেলার রামনগর গ্রামের আসাদ মোল্যার মেয়ে। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে পাঁচ দিন আগে মায়ের সঙ্গে সে নানা বাড়িতে যায়। ঘটনার সময় পরিবারের সদস্যদের অজান্তে আশামনি নানার নির্মাণাধীন একতলা ভবনের ছাদে উঠে যায়। ভবনের ছাদের প্রায় দুই ফুট ওপর দিয়ে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ লাইন টানানো ছিল।
পরে শিশুটিকে দেখতে না পেয়ে তার মা সোনিয়া বেগম খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নির্মাণাধীন ভবনের ছাদে গিয়ে মেয়েকে বিদ্যুতের তারের পাশে পড়ে থাকতে দেখেন। মেয়েকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আশামনিকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে বোয়ালমারী থানার এসআই সরল কুমার বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এ ঘটনায় বোয়ালমারী থানায় অপমৃত্যু মামলা নং-৩৫, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।





















