ভাগ্যের নির্মম পরিহাস : ফরিদপুর মেডিকেলের বারান্দায় অসহায় মিঠু
- আপডেট সময় : ০৯:২০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের দ্বিতীয় তলার করিডোরে মুমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ‘মিঠু’ নামে এক ব্যক্তির। তবে তার কোনো আত্মীয়-স্বজন না থাকায় তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছেন না বলে জানা গেছে।
জানা যায়, সম্প্রতি ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তুল্লাহ বাজার এলাকা থেকে এক ব্যক্তি তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু মিঠু কথা বলতে না পারায় তার পূর্ণ পরিচয় জানা সম্ভব হয়নি।
এদিকে তার সঙ্গে কোনো আত্মীয়-স্বজন বা আপনজন না থাকায় তিনি প্রয়োজনীয় চিকিৎসা ও দেখভালের ক্ষেত্রেও অসহায় অবস্থায় রয়েছেন। বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগের দ্বিতীয় তলার করিডোরে মুমূর্ষ অবস্থায় তিনি পড়ে আছেন।
মিঠুর আত্মীয়-স্বজন বা কোনো আপনজনের সন্ধান পেতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। তার পরিচয় সম্পর্কে কেউ তথ্য জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





















