শ্রীরামচন্দ্রের মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে ২০ জুন দেশব্যাপী কর্মসূচি ঘোষণা
- আপডেট সময় : ০৮:২৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে
মহাবতার পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ধ্বংসের হুমকির প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। গতকাল মঙ্গলবার ১৬ জুন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষণা অনুযায়ী, আগামী ২০ জুন ২০২৬, শনিবার সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব চত্বরে কেন্দ্রীয়ভাবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশের সকল জেলা ও উপজেলায় শান্তিপূর্ণভাবে অনুরূপ কর্মসূচি পালিত হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটি। বিজ্ঞপ্তিতে জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শান্তিপ্রিয় নাগরিককে এ কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মসূচির মাধ্যমে ধর্মীয় অবমাননা ও হুমকির বিরুদ্ধে জনমত আরও সুসংহত হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















