ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- আপডেট সময় : ০৪:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৫১ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কভার ভ্যানের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ১৪ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার ব্রিজে ওঠার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে ঢাকা মেট্রো-ট ২০-২১৪০ নম্বরের একটি মালবাহী কভার ভ্যান মহাসড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিকে ঢাকাগামী ঢাকা মেট্রো-ন ১৫-৫৫০৯ নম্বরের একটি ছোট পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে কভার ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপটি কভার ভ্যানের পেছনে ঢুকে যায়। দুর্ঘটনায় পিকআপ চালক প্রবীর রায় (৩৬) ঘটনাস্থলেই নিহত হন। তিনি লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে। এছাড়া পিকআপের অজ্ঞাতনামা এক হেলপার (১৮) ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ভাঙ্গা থানার রাত্রিকালীন টহল দল, ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স ও রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন। পরে দুর্ঘটনাকবলিত পিকআপটি কভার ভ্যানের পেছন থেকে সরিয়ে মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের লাশ ও দুর্ঘটনাকবলিত যানবাহন শিবচর হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




















