উম্মে সালাম (রা.): মদিনার প্রাজ্ঞ ফকিহা
- আপডেট সময় : ১০:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
আবদুর রহমান ইবনে আউফ। প্রখ্যাত সাহাবি। নবীজির যে বিশেষ ১০ জন সহচর জীবদ্দশাতেই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েছেন, আবদুর রহমান ইবনে আউফ তাদের অন্যতম। আল্লাহ তার সম্পদে প্রাচুর্য দান করেছিলেন। সাহাবিদের দলে তিনি ছিলেন বিশেষ বিত্তবান।
তার সম্পদের আধিক্য তাকে ভীষণ উদ্বিগ্ন করে তোলে—এত সম্পদ আল্লাহ দান করেছেন, জান্নাতের নেয়ামত দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন না তো! সম্পদের ফেতনা যে অত্যন্ত কঠিন ফেতনা—তার অজানা ছিল না। সারাক্ষণ ভয়ে থাকতেন, বিপুল বিত্তের কারণে আখেরাতে আবার বিপদে পড়ে যান কি না! মনস্তাপ নিয়ে হাজির হলেন উম্মে সালামার দুয়ারে। তাঁকে খুলে বলেন নিজের তাবৎ পেরেশানির কথা। ‘আম্মাজান, আশঙ্কা হয়, সম্পদের প্রাচুর্য পাছে আমাকে বরবাদ না করে ফেলে আবার! কোরাইশের সবচেয়ে বিত্তবান মানুষটি আমি।’
তার এমন উদ্বেগের চিকিৎসা বাতলে দেন উম্মে সালামা। বলেন, ‘সমস্যা কী? সম্পদ আপনাকে দান করেছেন মহান আল্লাহ। তা তাঁর রাস্তাতেই খরচ করতে থাকুন, তাহলে কোনো সমস্যা থাকবে না। তবে আপনার যে শঙ্কা, তা থাকা ভালো। কেননা, আমি নবীজিকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ‘আমার ইন্তিকালের পর আমার কতক সাহাবি আমাকে দেখতে পাবে না।’
মানে, তাঁর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। সুতরাং সাহাবি হলেই যে হেদায়াতের ওপর তার মৃত্যু নিশ্চিত, এমনটা নয়। সুতরাং এই শঙ্কা থাকা খারাপ নয়। আপনি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করতে থাকুন। আশা করি, আল্লাহ আপনাকে নিরাশ করবেন না।’ (মুসনাদে আহমাদ, ৬/২৯০)
কেবল ধর্মীয় বিধানাবলিরই সমাধান নয়; সাহাবিরা কোরআনের সঠিক পাঠও তাঁর থেকে রপ্ত করে নিতেন। উম্মে সালামা তেলাওয়াত করে একদম সঠিক উচ্চারণটি শুনিয়ে দিতেন তাদের, যাতে করে প্রশ্নকর্তার কোনো সমস্যাই আর থেকে না যায়।
শাহর ইবনে হাওশাব একবার উম্মে সালামাকে জিজ্ঞেস করলেন ‘ইন্নাহু আমালুন গইরু সালিহ’ সম্পর্কে; নবীজি আয়াতটি কীভাবে পাঠ করতেন? উম্মে সালামা আয়াতটি উচ্চারণ করে তাকে নবীজির পাঠপদ্ধতি শিখিয়ে দিলেন। (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৮৩)
আরেকবারের কথা। উম্মে সালামা সুরা ফাতিহার প্রতিটি আয়াত পৃথক পৃথকভাবে পাঠ করে তাঁর শিক্ষার্থীদের বলে দিলেন, ‘নবীজি সুরা ফাতিহা এমন করে পৃথকভাবে পাঠ করতেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০০১)
ধর্মীয় কোনো বিধি–বিধান নিয়ে সাহাবিদের মধ্যে যখন মতবিরোধ দেখা দিত, তার মীমাংসার জন্য তারা উম্মে সালামার শরণাপন্ন হতেন।
আবু সালামা ইবনে আবদুর রহমান ও ইবনে আব্বাস একবার এলেন আবু হোরাইরার কাছে। জনৈকা নারীর স্বামী মারা গেছেন অল্প ক’দিন হলো। স্বামী মারা যাবার পরপরই তিনি সন্তান প্রসব করেছেন। এখন এই নারী ইদ্দত পালন করবেন স্বামী মৃত্যুর হিসেবে, নাকি সন্তান প্রসবের হিসেবে?
ইবনে আব্বাস বলেন—‘সব থেকে দীর্ঘ হবে যার হিসাব, তার অনুসারে এই নারীর ইদ্দত পূর্ণ হবে।’ কিন্তু আবু সালামা তার অভিমত ব্যক্ত করেন, ‘এই নারীর ইদ্দত পূর্ণ হয়ে গেছে।’
আবু সালামা আর ইবনে আব্বাসের মধ্যে মতপার্থক্য হয়ে যায় বিষয়টি নিয়ে। এর মধ্যে আবু হোরাইরা আবার আবু সালামার পক্ষ নিয়ে ইবনে আব্বাসের দলটি হালকা করে দেন।




















