ট্রেন্ডিং :
ফরিদপুরের কলেজে এবার টার্গেট হিন্দু শিক্ষকরা
চাঁদা না দিলে সপরিবারে খুনের হুমকি
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:১৩:২২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় কথিত ও নিষিদ্ধ ‘সর্বহারা পার্টি’র সদস্য পরিচয়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ৮ জন কলেজ শিক্ষকের কাছে মুঠোফোনে মোটা অঙ্কের চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। চাঁদার টাকা সময়মতো না দিলে শিক্ষকদের এবং তাদের পরিবারের সদস্যদের ‘নির্মম পরিণতি ভোগসহ’ জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের শিক্ষকবৃন্দ এই হুমকির মূল টার্গেট হয়েছেন। গত কয়েক দিন ধরে ধারাবাহিক ও পৃথক পৃথক মোবাইল নম্বর থেকে শিক্ষকদের ফোন করে এই হুমকি দেওয়া হচ্ছে।
জানা গেছে, হুমকি পাওয়া শিক্ষকরা সবাই সনাতন ধর্মাবলম্বী এবং একই কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক। তাদের মধ্যে রয়েছেন পরেশ কুমার পাল (সহযোগী অধ্যাপক), নিলয় কুমার সাহা (সহযোগী অধ্যাপক), সজল কান্তি বিশ্বাস (সহযোগী অধ্যাপক), প্রদীপ কুমার সাহা (সহযোগী অধ্যাপক), দেবাশীষ রায় (সহযোগী অধ্যাপক) ও রবীন লস্কর (অবসরপ্রাপ্ত শিক্ষক) এবং এছাড়াও আরও দুইজন শিক্ষক একই ধরনের হুমকি পেয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী শিক্ষকরা জানান, অজ্ঞাত ব্যক্তিরা নিজেদের ‘সর্বহারা পার্টি’র বা ‘সিরাজ সিকদার স্টাডি সেন্টার সর্বহারা পার্টি’র ক্যাডার হিসেবে পরিচয় দিচ্ছে। তারা ফোনে অত্যন্ত আক্রোশমূলক ভাষায় কথা বলে এবং মোটা অঙ্কের টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে বা প্রশাসনকে জানালে তাদের ও তাদের পরিবারের সদস্যদের অপহরণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে।
আকস্মিক এই হুমকির পর থেকে ভুক্তভোগী শিক্ষক ও তাদের পরিবারগুলো চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সহযোগী অধ্যাপক পরেশ কুমার পাল গণমাধ্যমকে জানান, “এই হুমকির পর থেকে আমরা ও আমাদের পরিবারের সদস্যরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের ওপর হামলা বা প্রাণনাশের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছি।” অনেকেই গৃহবন্দী অবস্থায় দিন কাটাচ্ছেন এবং কলেজে যাতায়াত করতেও ভয় পাচ্ছেন।
ভুক্তভোগী শিক্ষকদের দাবি, কোনো নির্দিষ্ট একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের শিক্ষকদের এভাবে বেছে বেছে টার্গেট করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র বা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্র জড়িত থাকতে পারে। অপরাধীরা পরিচয় লুকাতে নিষিদ্ধ সংগঠনের নাম ব্যবহার করছে কি না, তাও খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন শিক্ষকরা।
এব্যাপারে পুলিশ হুমকিদাতার ফোন নম্বরগুলো ট্র্যাক করে অপরাধীদের শনাক্ত করতে ও শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে।





















