হামের উপসর্গ নিয়ে ফরিদপুরে আরও ৪৫ জন হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০৯:৪৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩৮ জনে। এ সময়ে হামে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। আজ রোববার ৬ সেপ্টেম্বর জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত হালনাগাদ তথ্যে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭ জন এবং ফরিদপুর জেনারেল হাসপাতালে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে বর্তমানে মোট ১১০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতালে ২১ জন এবং মেডিকেল কলেজ হাসপাতালে ৮৯ জন ভর্তি আছেন।
গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ২৩ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে জেনারেল হাসপাতাল থেকে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৩ জন ছাড়পত্র পেয়েছেন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত দুই হাসপাতালে মোট ৫ হাজার ৯৬ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যে আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেলার ৩৬ জন এবং অন্যান্য জেলার ৯ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন। এ সময়ে হামের কোনো পজিটিভ রোগী শনাক্ত হয়নি।
জেলার বিভিন্ন উপজেলা থেকে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে হবে। শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।





















