শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী সেবা সংঘের দিনব্যাপী ধর্মীয় উৎসব
- আপডেট সময় : ০৯:৩৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের ঐতিহ্যবাহী শ্রীধাম শ্রীঅঙ্গনে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর তিরোধান দিবস উপলক্ষে শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী সেবা সংঘের উদ্যোগে তিনদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আজ শুক্রবার ২৮ আগস্ট শেষ দিন দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ভোর ৫টায় মঙ্গল আরতি এবং ভোর ৫টা ৩০ মিনিটে টহল কীর্তনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ৭টায় হরিবল দলের সঙ্গে শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রীধাম শ্রীঅঙ্গনে এসে শেষ হয়।
পরে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এরপর গোষ্ঠলীলা কীর্তন পরিবেশন করেন কীর্তন সম্রাট শ্রী অমল ব্যানার্জী। দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় প্রভুর ভোগানুরাগ। দুপুর ২টা ৩০ মিনিটে প্রভাস যজ্ঞ লীলা কীর্তন পরিবেশন করেন একই কীর্তন শিল্পী শ্রী অমল ব্যানার্জী।

সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে কীর্তন মেলা এবং সন্ধ্যায় সন্ধ্যারতি। রাত ৮টায় শ্রীযুক্তেশ্বরী দিগম্বরী দেবীর দিব্য দর্শন ও মহিমা বিষয়ে আলোচনা করবেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী।
রাত ৯টায় শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রী বিল্বমঙ্গল দেবনাথ দাসজী, সাতক্ষীরা, বাংলাদেশ। ধর্মীয় পাঠ শেষে ভক্ত ও উপস্থিত দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি হবে।





















