ট্রেন্ডিং :
রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ : এক বাংলাদেশিসহ নিহত ১৫
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০৯:৪৯:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে এক ভয়াবহ গ্যাস পাইপলাইন বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক নিহত হয়েছেন, যাদের মধ্যে জাকির হোসেন নামে এক বাংলাদেশি প্রবাসীও রয়েছেন। এছাড়া বিস্ফোরণে আরও বহু শ্রমিক গুরুতর আহত ও দগ্ধ হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাস প্ল্যান্টটির একটি প্রধান সরবরাহ লাইনে আকস্মিক গ্যাস লিকেজ থেকে এই ভয়াবহ বিস্ফোরণের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই পুরো প্ল্যান্টে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাশিয়ার জরুরি উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেন। নিহত বাংলাদেশি কর্মী জাকির হোসেনের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে ওই গ্যাস প্ল্যান্টে শ্রমিকের কাজ করছিলেন। এছাড়া এই ঘটনায় মেহেরপুরের বাসিন্দা আরেক বাংলাদেশি শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাশিয়ার শিল্প মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটি বা নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিকেই এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। নিহত বাংলাদেশি কর্মীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস স্থানীয় প্রশাসনের সাথে সার্বিক যোগাযোগ রক্ষা করছে।





















