ট্রেন্ডিং :
রানা প্লাজা দুর্নীতি মামলা: যুক্তিতর্ক পিছিয়ে ২৮ অক্টোবর
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০২:৪৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে
সাভারে ধসে পড়া বহুতল ভবন ‘রানা প্লাজা’ নির্মাণে নকশা বহির্ভূত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন আবারও পিছিয়ে গেছে। আদালত আগামী ২৮ অক্টোবর ২০২৬ এই মামলার পরবর্তী যুক্তিতর্ক উপস্থাপনের নতুন তারিখ ধার্য করেছেন।
গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতে এই মামলার যুক্তিতর্ক উপস্থাপনের দিন নির্ধারিত ছিল। তবে মূল আদালতের বিচারক বি.এম. তারিকুল কবীর ছুটিতে থাকায় শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে আদালতের ভারপ্রাপ্ত বিচারক রফিকুল ইসলাম নতুন এই তারিখ ঠিক করেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ৯ তলা রানা প্লাজা ভবনটি ধসে পড়ে, যা বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা। এই ঘটনায় ১,১৩৬ জন প্রাণ হারান এবং দেড় হাজারেরও বেশি মানুষ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধান শেষে ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।

ভবনটি প্রাথমিকভাবে সোহেল রানার বাবার নামে থাকায় মূল এজাহারে রানার নাম ছিল না। তবে তদন্তে ভবনের নির্মাণ ও ব্যবস্থাপনায় সোহেল রানার সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় চার্জশিটে তাকে অন্তর্ভুক্ত করা হয়।
দীর্ঘ তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সোহেল রানা ও তার মা-বাবাসহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরবর্তীতে ২০১৭ সালের ২১ মে আদালত ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন এবং ৮ জনকে মামলা থেকে অব্যাহতি দেন। বর্তমানে এই মামলার আসামির সংখ্যা ৮ জন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০০৬ সালে ৬ তলা শপিং কমপ্লেক্স হিসেবে রানা প্লাজার নকশা অনুমোদন দেয় সাভার পৌরসভা। পরে ২০০৮ সালে নিয়মনীতি তোয়াক্কা না করে আরও ৪ তলা বাড়ানোর অনুমোদন চাওয়া হয়। পাশাপাশি বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে সেখানে ৫টি পোশাক কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল, যা সম্পূর্ণ অবৈধ ও দুর্নীতিমূলক।
এই মামলার বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের মোট ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এর আগে মামলাটি রায়ের পর্যায়ে পৌঁছালেও গত ১ সেপ্টেম্বর ২০২৬ আদালত রায়ের পর্যায় থেকে মামলাটি পুনরায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য নির্দেশ দেন।
প্রধান আসামি সোহেল রানা বর্তমানে কারাগারে আছেন। বাকি আসামিদের মধ্যে দুইজন পলাতক এবং অন্য আসামিরা জামিনে থেকে আদালতে হাজিরা দিচ্ছেন। এর পাশাপাশি রানা প্লাজা ধসের ঘটনায় হওয়া মূল হত্যা মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।




















