রাজবাড়ীর পাংশা থানায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ আসামি,গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর পাংশা থানায় দায়ের করা সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান দুই আসামিকে কুষ্টিয়া সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ মার্চ ২০২৬ তারিখ বিকাল সাড়ে ৪টার দিকে পাংশা উপজেলার মৈশালা বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষমাণ এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আসামিরা।
পরে তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় কুষ্টিয়া সদর থানা এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম নিজেই পাংশা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬২, তারিখ ০১ এপ্রিল ২০২৬; নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৯(৩) ধারায় মামলা রুজু করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকার অধিনায়কের কাছে সহায়তা চান। এর পরিপ্রেক্ষিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। মঙ্গলবার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি দল র্যাব-১২ এর সহযোগিতায় কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত প্রধান দুই আসামি হাসিবুর রহমান অন্তর (৪০) ও মো. বরকত মুন্সী (৩৪)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুলাটিয়া ও পারনারায়নপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















