বালিয়াকান্দিতে অবৈধ কারেন্ট জাল উদ্ধার: ২ লাখ টাকার জাল ধ্বংসসহ ব্যবসায়ীকে জরিমানা
- আপডেট সময় : ০৯:০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৬৫ , ০৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। এ সময় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-১০-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল মঙ্গলবার ১৪ জুলাই রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে বালিয়াকান্দি উপজেলার পশ্চিম বালিয়াকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বালিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন। এ সময় র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে পশ্চিম বালিয়াকান্দি এলাকার ব্যবসায়ী মো. সুজন শেখ (৩৩)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২) ধারা অনুযায়ী মো. সুজন শেখকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
র্যাব-১০ জানিয়েছে, জনস্বার্থে এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।





















