ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের বিশেষ সাধারণ সভা
- আপডেট সময় : ০৩:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা সোমবার ২৫ মে সকাল ১১টায় শহরের সমবায় ব্যাংক ভবনের পাশে পৌর মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকের অচলাবস্থা নিরসনে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ব্যাংকের সাবেক সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের বিভিন্ন প্রাথমিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বর্তমানে ব্যাংকের কোনো বৈধ ব্যবস্থাপনা কমিটি না থাকায় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এ অবস্থায় ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম চালু ও নির্বাচন আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ব্যাংকের সাবেক তিনবারের সভাপতি ও বর্তমান ফরিদপুর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুকে আহ্বায়ক, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান এবং প্রাথমিক সমিতির সদস্য জাহিদ হোসেনকে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করে একটি পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় বক্তব্য দেন চৈতী বহুমুখী সমবায় সমিতির সভানেত্রী সালমা বেগম, কানাইপুর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাহিদ হোসেন, মাঝিকান্দি গভীর নলকূপ সমবায় সমিতির সভাপতি মো. জাফরসহ অনেকে। এর আগে সকাল সাড়ে ১০টায় সমবায় ব্যাংক ভবনের নিচে সদস্যরা একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানে লুৎফর রহমান অভিযোগ করে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী বিশেষ সাধারণ সভা ব্যাংক ভবনের তৃতীয় তলায় হওয়ার কথা থাকলেও ভবনের বিভিন্ন কক্ষ ও তৃতীয় তলার গেট তালাবদ্ধ পাওয়া যায়। কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে একজন ঢাকায় এবং অন্যজন ছুটিতে রয়েছেন বলে জানানো হয়। তিনি আরও বলেন, পরে সদস্যদের পরামর্শে তালা ভাঙার পরিবর্তে পাশের পৌর মার্কেটের দ্বিতীয় তলায় বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।




















